শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করা হয়। ঢাকার সিএমএম আদালত কাফরুল থানাকে এটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলাটি দায়ের করেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. রাজিব নামের এক ব্যক্তি। তিনি নিহত ফয়জুর ইসলামের ভাই।

মামলার অন্যান্য আসামিরা হলেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। 

এদিন দুপুরে আইনজীবী সোহেল রানা শেখ হাসিনার বিরুদ্ধে একটি অপহরণ মামলার আবেদন করেন। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক র‍্যাব ডিজি বেনজীর আহমেদ এবং র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

তারও আগে মঙ্গলবার (১৩ আগস্ট) শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হত্যা মামলা দায়ের করেন এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি।

মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।