শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০২:০৪ পিএম

সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বুধবার বেলা সোয়া একটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী এই আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিএমএম আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। এ ছাড়া মামলায় র্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্যকে আসামি করা হয়েছে।

মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা দাবি করেছেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উত্তরা এলাকা থেকে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করা হয়। পরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হয়। নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন।

এর আগে, মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি দেশ ছাড়েন। এখন তিনি ভারতে অবস্থান করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত