চট্টগ্রামে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার

শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট গভীর রাত পর্যন্ত নগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৩ আগস্ট) বিভিন্ন উৎস থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে-  এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শর্ট গান, পিস্তল এবং গ্যাস গান। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি নগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (সদর) কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

সূত্রটি জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা নগরের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। লুটপাটের ঘটনায় থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র,  গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক শরীফ-উল-আলম জানান, থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এতে সাধারণ নাগরিকরা সাড়া দেন। স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৩৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।