পূর্বশত্রুতার জেরে রাজধানীর ওয়ারীতে আল আমিন ভুইয়া (৪২) ও নুরুল আমিন ভুইয়া (৩২) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আলআমিন ওয়ারী থানার বিএনপির সাধারণ সম্পাদক ছিল এবং গার্মেন্টস ব্যবসায়ী। আর নুরুল আমিন মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।
হাসপাতালে আল আমিন ভুইয়ার স্ত্রী মুনমুন ভুইয়া জানান, তাদের বাসা ওয়ারী একেএম সাহা লেনে। আর নুরুল আমিনের বাসা ডেমড়া বাঁশেরপুল। দুই বছর আগে ওয়ারী হাটখোলা এলাকায় ফ্ল্যাট কেনার জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দিয়েছিলেন তারা। কিন্তু ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি এখনও।
তিনি জানান, বুধবার সকালে আলআমিন ও নুরুল আমিন হাটখোলা সেই ফ্ল্যাটের জায়গায় গেলে আকবর, টুটুল, ইলিয়াসসহ আরও কয়েকজন মিলে তাদের পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
নিহত নুরুল আমিনের শ্যালক মো. জুবায়ের জানান, রক্তাক্ত করে তাদের রাস্তায় ফেলে রাখে তারা। পরে নুরুল আমিনের মৃতদেহ পুলিশ একটি ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এর আগে তার বড় ভাই আল আমিনের লাশ নিয়ে আসে কয়েকজন মিলে। তবে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।