চাঁদাবাজি-লুটপাট: বাগেরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। আজ বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির প্যাডে দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাগেরহাট জেলায় মাছের ঘের, টোল দখল, চাঁদাবাজি, লুটপাট, বাড়িঘরে হামলা, ভাঙচুর, মারধরসহ নানা অভিযোগ ওঠে দলের বিরুদ্ধে।

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের বাগেরহাট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এখন থেকে জেলা যুবদলের সাংগঠনিক পরিচয় ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে। কারো বিরুদ্ধে এ রকম কোনো অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রের নেতারা।

নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাট জেলা যুবদলের সাবেক একাধিক নেতা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপর জেলার বিভিন্ন এলাকায় মাছের ঘের দখল, চাঁদাবাজি, লুটপাট, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধর করে দলের কিছু অতিউৎসাহী নেতাকর্মী। বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনের নেতারা তাদের ওই অপকর্ম প্রতিরোধ করতে মাঠে নামেন। গত তিন চারদিনে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে অন্তত তিন শর বেশি ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়িয়েছে এবং তার সমাধান করেছে। হামলা, লুটপাট, চাঁদাবাজি, ঘের দখলের সাথে যারা জড়িত দল তাদের প্রশ্রয় দেবে না।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির প্যাডে দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত চিঠিটি যুবদল পেয়েছে। কেন্দ্রের নির্দেশনা মেনে ভবিষ্যতে তারা চলবে।