শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা। তাদের প্রচেষ্টাতেই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় পর্যায়ে এই পরিবর্তনের মতো দেশের ক্রীড়াঙ্গনেও উঠেছে পরিবর্তনের ডাক। বাদ যায়নি শুটিং স্পোর্টস ফেডারেশনও। দীর্ঘদিন দায়িত্ব আঁকড়ে থাকা আওয়ামী সমর্থিত মহাসচিব ইন্তেখাবুল হামিদসহ বর্তমান কমিটির পদত্যাগ চেয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন শুটিং অঙ্গনে বঞ্চিত সাবেক শুটার ও কর্মকর্তারা।
সাবেক জ¦ালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্ষমতায় মহাবলীয়ান হয়ে ছোটা ভাই ইন্তেখাবুল হামিদ অপু প্রায় এক যুগ ধরে আঁকড়ে রেখেছেন শুটিং ফেডারেশনের মহাসচিবের পদ। ক্ষমতার জোরে তিনিই ছিলেন ফেডারেশনটির দ-মু-ের কর্তা। হাসিনা সরকারের পতনের পর এবার শুটিং ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে অপুর বিরুদ্ধে। সংবাদ মাধ্যমে এসব অভিযোগ উত্থাপন করেন শুটার দম্পতি সাইফুল আলম রিংকি ও সাবরিনা সুলতানা, শুটার জিএম হায়দার সাজ্জাদ, সাবেক কোষাধ্যক্ষ কায়সারুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি আবদুস সালাম খান ও সাবেক সদস্য গাজী সাইফুল তারেকসহ অন্যরা।
শুটিং গেল এক যুগে আন্তর্জাতিক অঙ্গনে হাবুডুবু খাচ্ছে। যার বড় উদাহরণ সর্বশেষ ২০১৯ এসএ গেমসে শুটিংয়ে কোনো স্বর্ণপদক না পাওয়া। সাবেক কৃতী শুটার সাবরিনা সুলতানা বলেন, ‘একটা সময় বাংলাদেশের একমাত্র স্বর্ণপ্রসবা ডিসিপ্লিন ছিল শুটিং। ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত এসএ গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গন থেকে শুটিং থেকে এসেছে ৮৯টি পদক। যার মধ্যে স্বর্ণপদকই ২১টি। কিন্তু ২০১২ সালে ইন্তেখাবুল হামিদ মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই পদকে ভাটার টান। গত ১২ বছরে এসএ গেমসে কেবলমাত্র একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ, সেটি ২০১৬ সালে পিস্তল শুটার শাকিল আহমেদ। এর মধ্যে দুই কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদের সফল দুই কোচ ক্লাভস ক্রিস্টেনসেন ও মার্কো সকিচসেও বিদায় করে দেন মহাসচিব। এসএ গেমসে সোনাজয়ী আরেক শুটার সাইফুল আলম রিংকি বলেন, বাংলাদেশে নেই নিয়মিত প্রতিযোগিতা। যে কারণে পাইপলাইনে উঠে আসছে না নতুন শুটার। ক্লাবের জায়গায় সার্ভিসেস সংস্থা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপিনির্ভর হয়ে পড়ছে দেশের শুটিং। সাবেক কোষাধ্যক্ষ কায়সারুল ইসলাম বলেন, ‘কনভেনশন সেন্টারের ভাড়ার টাকা নয়-ছয় করেছেন শুটিং স্পোর্ট ফেডারেশনের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী ও দুর্নীতিপরায়ণ মহাসচিব ইন্তেখাবুল হামিদের করা নানা অনিয়ম ও দুর্নীতির বিচার চাই এবং অনতিবিলম্বে নতুন কমিটি চাই।’
এদিকে হাসিনা সরকার পতনের পরপরই পালিয়েছেন ইন্তেখাবুল হামিদ, যিনি ছিলেন সদ্য সমাপ্ত অলিম্পিকে বাংলাদেশের সেফ দ্য মিশন, প্যারিসে স্প্রিন্টার ইমরানুর রহমানের পারফরম্যান্সের পর উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের বিভ্রান্তমূলক ফলাফল জানিয়ে দুর্ব্যবহার করে ভীষণভাবে সমালোচিত হয়েছেন তিনি।