মৌসুমের শুরুতেই দুর্দান্ত ফর্মে রোনালদো

ইউরোর ব্যর্থতা ঝেড়ে ফেলে ক্লাব ফুটবল মৌসুমের শুরুতেই দারুণ ছন্দে ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার বড় অবদানে আল তাউনকে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠল আল নাস্‌র। একটি গোল নিজে করার পাশাপাশি আরেকটি রেখেছেন অবদান। আল নাসর জিতেছে ২-০ ব্যবধানে।

গতকাল বুধবার রাতে ম্যাচের অষ্টম মিনিটে ইয়াহিয়ার গোলে এগিয়ে যায় দলটি। বাঁ দিক থেকে সতীর্থের পাসে বক্সে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি রোনালদো। সেই বল পেয়ে জালে জড়িয়ে দেন ইয়াহিয়া। অবশেষে ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সতীর্থের কাটব্যাকে বক্সে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জালে পাঠিয়ে দেন।

ক্লাব ফুটবলে এই নিয়ে টানা ২৩ মৌসুমে গোলের দেখা পেলেন রোনালদো। তার ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৮৯৬টি। গত মৌসুমে আল নাস্‌রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেছিলেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। আগামী শনিবার সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোর দল।