রিয়ালকে শিরোপা জিতিয়ে এমবাপ্পের স্বপ্নের অভিষেক

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:৩৮ পিএম

রিয়াল মাদ্রিদে স্বপ্নের মত অভিষেক হলো কিলিয়ান এমবাপ্পের। আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল কার্লো আনচেলত্তির দল। অভিষেক ম্যাচেই গোল করেছেন এমবাপ্পে। এর মাধ্যমে সবচেয়ে বেশিবার উয়েফা সুপার কাপ জয়ের রেকর্ড নিজেদের করে নিল ইউরোপের সফলতম দলটি।

গতকাল বুধবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের জন্য তিনটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি রিয়াল। সেখানে দ্বিতীয়ার্ধে ১০টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে তারা। পুরো ম্যাচে আতালান্তার ৭ শটের ২টি লক্ষ্যে ছিল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রিয়াল তাদের ভয়ংকর রূপটা দেখিয়ে দেয়।

রিয়ালের হয়ে অভিষেকেই গোল এমবাপ্পের। ছবি: এক্স

৫৯তম মিনিটে আতলান্তার রক্ষণের ভুলে এগিয়ে যায় রিয়াল। বেলিংহ্যামের পাস থেকে বক্সে বল পেয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। তার থেকে বল পেয়ে ফাঁকা গোলপোস্টে পাঠিয়ে দেন ভালভার্দে। এর মাত্র ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বেলিংহ্যামের পাসে বক্সের ভেতর থেকেই ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।

এই নিয়ে ষষ্ঠবার ট্রফিটি উয়েফা সুপার কাপ জিতল রিয়াল। এতদিন বার্সেলোনা এবং এসি মিলানের সঙ্গে যৌথভাবে তারা এই শিরোপা জয়ের রেকর্ডে শীর্ষে ছিল। এবার রেকর্ডটি নিজেদের করে নিল রিয়াল। এই বছরে রিয়ালের এটি চতুর্থ শিরোপা; গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর তারা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত