ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় বন্ধ হয়ে যাওয়া দেশের সব থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিকে দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৫৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৩৯টি থানার সব কয়টিতে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৫৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ হাজার ২১৯টি গুলি, ৩৫৯টি কাঁদানে গ্যাসের সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার পর্যন্ত র্যাব ৯৭টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৬ হাজার ৫৮৫টি গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করেছে।