জেলা প্রশাসকের আশ্বাসে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। তিন দিন বন্ধ থাকার পর গতকাল থেকে আবার পরিষদের অফিসের কার্যক্রম শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক পার্বত্য জেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে।
এ সময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। সুতরাং অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে অফিসের স্বাভাবিক কার্যক্রম চালু করতে সবাইকে সহযোগিতা করতে হবে।
এদিকে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমানসহ নেতাকর্মীরা তাৎক্ষণিক সড়কের ব্যারিকেড তুলে ফেলেন।
পরে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনসহ জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা পরিষদের অফিসের মূল ফটকের তালা খুলে অফিসের কার্যক্রম শুরু করেন।
প্রসঙ্গত : গত সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে অবস্থান ধর্মঘট শুরু করে। বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয় এবং সরকারের হস্তক্ষেপ কামনা করে।