ঠাকুরগাঁওয়ে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করে পালানোর সময় একজনকে আটক করেছে স্থানীয়রা। তার নাম সামিউল (২০)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গত বুধবার রাতে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের বাসিন্দা মহেন চন্দ্রের ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় ওই গ্রামের সামিউলকে আটক করেন স্থানীয়রা।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সামিউলকে থানায় নিয়ে এসেছে। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফরিদপুরের ধুলদিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে একটি ব্যবসায়ী পরিবার। সবকিছু হারিয়ে বর্তমানে এ ব্যবসায়ী পরিবারটি মানবেতর দিন কাটাতে বাধ্য হচ্ছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
জানা গেছে, গত ৫ আগস্ট রাতে একদল দুর্বৃত্ত শহরের মাচ্চর ইউনিয়নের ধুলদি রেলগেটের পাশে মল্লিক মার্কেটে আগুন দেয়। এ সময় মার্কেটের সার, বীজ, মুদি ও কাপড়ের দোকান পুড়ে যায়।
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর বাজারে দুটি দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বুধবার রাত ২টার দিকে দৌলতপুর বাজারে সজিব স্টোর ও সজিব স্যানিটারিজ নামে দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হোমনা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, কীভাবে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।