সেই ২০১১ সালে গায়ানায় পাকিস্তানের বিপক্ষে লাল বলের ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ, তারপর আর এই মাঠে এক যুগের বেশি সময় টেস্ট ম্যাচ হয়নি। সাদা বলের ম্যাচ হয়েছে অনেক। ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট দিয়ে ১৩ বছর ৩ মাস পর এই ভেন্যুতে ফিরেছে লাল বলের ক্রিকেট। প্রত্যাবর্তনের প্রথম দিনেই গায়ানার উইকেট হয়ে উঠেছে ব্যাটারদের জন্য বধ্যভূমি।
প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই ১৭ উইকেটের পতন ঘটেছে। প্রথমে ব্যাট করে সফরকারী দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৬০ রানে। এরপর দিনের বাকি সময়ে ৯৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনে ৮২.২ ওভারের মধ্যে ৬৮ ওভারই করেছেন পেসাররা। ১৭ উইকেটের ১৫টিই গেছে পেসারদের ঝুলিতে। তাদের মাঝে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন গায়ানার সন্তান শামার জোসেফ।
আগে ব্যাট করতে নেমে জোসেফের তোপে ৯৭ রানে ৯ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ৬৩ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার রান দেড় শর ওপারে নিয়ে যান ডেন পিয়েড (৩৮*) ও নান্দ্রে বার্গার (২৩)। এছাড়া ট্রিস্টান স্টাবস ২৬, ডেভিড বেডিংহ্যাম ২৮ রান করেন। জবাবে ৭ উইকেটে ৯৭ রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। এখনো তারা ৬৩ রানে পিছিয়ে আছে। উইয়ান মুল্ডার নিয়েছেন ১৮ রানে ৪ উইকেট। জেসন হোল্ডার অপরাজিত আছেন ৫১ বলে ৩৩ রানে।