স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য অনেক দেশের ক্রিকেটাররাই আর বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাইছেন না। ওয়েস্ট ইন্ডিজের মতো নিউজিল্যান্ড ক্রিকেটেও চলছে এই হিড়িক। দলটির দুই টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছেন। এর আগে সাদা বলের অধিনায়ক কেন উইলিয়ামসনও কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন।
সম্প্রতি ২০২৪–২৫ মৌসুমের জন্য গত জুলাইয়ে ২০ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এক বিবৃতিতে এনজেডসি জানিয়েছে, কনওয়ে এই মৌসুমে পূর্ণমেয়াদি চুক্তি করবেন না। অর্থাৎ তিনি যখন নিউজিল্যান্ডের হয়ে খেলবেন, শুধু তখনই চুক্তিবদ্ধ থাকবেন। তবে ২৫ বছর বয়সী ওপেনার অ্যালেন কোনো ধরনের চুক্তিতেই থাকছেন না।
কনওয়ে ও অ্যালেনের জায়গায় অন্য দুজনকে কেন্দ্রীয় চুক্তিতে থাকার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছে এনজেডসি। এদিকে সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোয় এনজেডসিকে ধন্যবাদ জানিয়ে কনওয়ে বলছেন, ‘কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে দূরে থাকা মানে এই নয় যে বিষয়টিকে আমি হালকাভাবে নিয়েছি। তবে আমার বিশ্বাস, এ মুহূর্তে এটাই আমার ও আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো হবে। ব্ল্যাকক্যাপসের হয়ে খেলা এখনো আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে।’
পদত্যাগ করতে যাচ্ছেন পাপন!
বাংলাদেশ সিরিজে বিশ্রামে বুমরা!