সম্প্রতি কোটা আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর মো. সজিব মিয়া এ রিমান্ড আবেদন করেন। বিকেলেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানির কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নিউমার্কেট থানার এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন।