চাঁদপুর 

ভরা মৌসুমেও ইলিশের বাজারে আগুন 

ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। ফলে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কম। ফলে বাড়তি দামে ইলিশ কিনতে হচ্ছে ক্রেতাদের। 

সাধারণ ক্রেতারা বলছেন, ইলিশের মৌসুম চললেও মাছের যে দাম, তাতে কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের। ব্যবসায়ীরা বলেছেন, ঘাটে যে পরিমাণে মাছ আসে, ক্রেতাদের চাহিদা তার চেয়েও কয়েক গুণ বেশি। তাই মাছের দাম অনেক বাড়তি। সামনে ইলিশের সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে মনে করেন তারা। 

বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, গত কয়েকদিন ধরে ৪০০-৫০০ মণ ইলিশ উঠছে বাজারে। এর বেশির ভাগই আসছে নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে। ক্রেতাদের কাছে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ইলিশের চাহিদা বেশি থাকলেও বাজারে আসছে কম। 

সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকার জেলে সুরুজ মিয়া বলেন, ‘সারা বছর নদীতে খুব একটা মাছ না পেলেও বর্ষার মৌসুমে ভালো মাছ পাওয়ার আশায় থাকি। কিন্তু এখনও তেমন একটা মাছ পাচ্ছি না। এতে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’ 

ছবি : দেশ রূপান্তর

বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ী নবির হোসেন বলেন, ‘দাম বেশি থাকায় অনেকেই দরদাম করে মাছ না কিনে চলে যায়। আমরা বর্ষা মৌসুমে মাছ বিক্রি করে কিছু লাভের আশায় থাকি। কিন্তু মাছ কম থাকায় তা হচ্ছে না।’

তিনি জানান, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০-১৭০০ টাকায়। ৭০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১৩০০-১৫০০ টাকা এবং ছোট সাইজের ইলিশ ৯০০-১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে উপকূলীয় অঞ্চলের ইলিশ কেজিতে ২০০-৩০০ টাকা কমে বিক্রি হয়।

ঢাকা থেকে চাঁদপুরে ইলিশ কিনতে আসা ক্রেতা আনিসুর রহমান বলেন, ‘ঢাকায় সব সময় তাজা ইলিশ পাওয়া যায় না। তাই এখানে এসেছি কম দামে তাজা ইলিশ কিনতে। কিন্তু এখানে এসে দেখি দাম ঢাকার মতোই। এতো দাম দিয়ে কোন অবস্থাতেই সাধারণ মানুষের পক্ষে ইলিশ খাওয়ার উপায় নেই।’

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, ‘চাঁদপুর থেকে সারা দেশে ইলিশ সরবরাহ করা হয়। কিন্তু কয়েক বছর ধরে খুব একটা মাছ আসছে না ঘাটে। ফলে আমরা যারা কোটি কোটি টাকা ব্যবসায় খাটিয়েছি, তারা লোকসানে পড়ছি। ৪-৫ বছর আগেও এই সময় ৩-৪ হাজার মণ ইলিশ উঠত প্রতিদিন। এখন মাছ আসে ৪০০-৫০০ মণ। সামনে মাছের সরবরাহ বৃদ্ধি না পেলে দাম কমার সম্ভাবনা নেই।’