ইন্ডিয়ানা জোনস সিনেমার দ্বিতীয় পর্বে অভিনেতা হ্যারিসন ফোর্ড যে টুপি পরেছিলেন তা নিলামে প্রায় অর্ধ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। ‘টেম্পল অব ডুম’ সিনেমার জন্য তৈরি ব্রাউন ফেল্ট ফেডোরা বৃহস্পতিবার (১৫ আগস্ট) লস অ্যাঞ্জেলেসে ৬ লাখ ৩০ হাজার ডলারে (৭ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকা) বিক্রি হয়। একই সময়ে স্টার ওয়ার্স, হ্যারি পটার এবং জেমস বন্ড প্রোডাকশনের খুঁটিসহ চলচ্চিত্রের স্মৃতিচিহ্নের অন্যান্য আইটেম বিক্রি হয়।
সিনেমার প্রথম দিকে দেখা যায় জোনস একজন দুঃসাহসিক প্রত্নতাত্ত্বিক। তিনি এবং তার সঙ্গীরা একটি বিধ্বস্ত বিমান থেকে একটি ভেলায় ঝাঁপ দেন।
নিলাম সংস্থা জানিয়েছে, ভিজ্যুয়াল ইফেক্টসে সুবিধা পেতে প্রযোজক জর্জ লুকাস অতিরিক্ত ফটোগ্রাফির সময়ও টুপিটি ব্যবহার করেছিলেন। এছাড়া ‘১৯৮৪’ সিনেমায় ফোর্ডের ডাবল-স্ট্যান্টের সময়ও ডিন ফেরান্দিনি টুপিটি পরেছিলেন। আইকনিক পোশাক পরা স্টান্টম্যানের অপ্রকাশিত ছবিগুলোও সঙ্গে বিক্রি হয়েছে। গত বছর মারা যান ফেরান্দিনি। টুপিটি এতদিন তার ব্যক্তিগত সংগ্রহে ছিল।
নিলাম সংস্থা প্রপস্টোর জানিয়েছে, ইন্ডিয়ানা জোনসের প্রথম ছবি ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’-এ প্রদর্শিত মূল ফেডোরার আধুনিক সংস্করণ ছিল। লন্ডনের হারবার্ট জনসন হ্যাট কোম্পানিতে তৈরি এই ফেডোরার ভিতরের আস্তরণে সোনার মনোগ্রামযুক্ত ‘আইজে’ লেখা রয়েছে।
এছাড়াও ১৯৮৩ সালে নির্মিত স্টার ওয়ার্সের সিনেমা ‘রিটার্ন অব দ্য জেডি’-তে ব্যবহৃত একটি ইম্পেরিয়াল স্কাউট ট্রুপার হেলমেট নিলামে ৩ লাখ ১৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। এদিকে ২০১২ সালে জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’-এ ড্যানিয়েল ক্রেইগের পরিহিত একটি স্যুট ৩৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।
উল্লেখ্য, ইন্ডিয়ানা জোন্স টুপিটি আরেকটি টেম্পল অফ ডুম ফেডোরার থেকে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয়েছে। যা ২০২১ সালে ৩ লাখ ডলারে বিক্রি হয়।