দুপচাঁচিয়ায় ২২ আ. লীগ নেতাকর্মীর নামে হত্যা মামলা

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান (২৯) নিহতের ঘটনায় আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) রাতে নিহত রাহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে এ মামলা করেন। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু রায়হান উপজেলার চকসুখানগাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থানীয় জে কে কলেজে একত্রিত হন। বেলা পৌনে ১১টায় কলেজ থেকে মিছিল বের করে তারা। মিছিলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি, রড, দিয়ে মিছিলের ওপর এলোপাথাড়ি হামলা করে। এ সময় রায়হান ডান পায়ে গুলিবিদ্ধ হলে তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনকে প্রধান আসামি করা হয়। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, তালোড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সাবেক মেয়র আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, শুক্রবার রাতে নিহত রাহিমের মা রওশন আরা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।