বিশ্বে জনপ্রিয়তার শীর্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ইপিএলের ২০২৪-২৫ মৌসুমের প্রথম রাউন্ডের খেলা। নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে তিন ফেভারিট দল। শনিবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও আর্সেনাল। এর আগে বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডও পেয়েছে জয়।
ইয়ুর্গেন ক্লপ গেল মৌসুম শেষে দায়িত্ব ছাড়েন লিভারপুলের। ফলে ৯ মৌসুম পর ইপিএলে লিভারপুল খেলতে নেমেছিল অন্য কোচের অধীনে। প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন অলরেডদের নতুন কোচ আর্না স্লট। স্লটের লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ইপসউইচ টাউনকে।
অলরেডদের হয়ে গোল দুটি করেছেন দিয়োগো জোতা ও মোহামেদ সালাহ। জোতার করা প্রথম গোলেও ছিল সালাহর ছোঁয়া। তার পাস থেকেই গোল করেছেন জোতা। ৬০ মিনিটে আলেকজান্ডার-আরনল্ড ডান প্রান্তে আগুয়ান সালাহকে পাস বাড়ান। সালাহ বলটি বাড়িয়ে দেন জোতার দিকে। পেনাল্টি বক্সের ভেতরে থেকে সহজেই বল জালে জড়ান জোতা।
৫ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। আরও একবার লিগের প্রথম ম্যাচেই গোল পেয়ে যান সালাহ। তাতে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি গোলের রেকর্ড একার করে নিলেন সালাহ (৯)। তিনি ছাড়িয়ে গেলেন অ্যালান শিয়েরার (৮), ওয়েইন রুনি (৮) ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে (৮)।
সালাহ বলেন, ‘আশা করছি পুরো মৌসুম এমন কাটাতে পারব। আমি সব সময়ই দলকে সহায়তা করার চিন্তা করি। গোল ও অ্যাসিস্ট করতে পারলে খুশি হই। তার (স্লটের) অধীনে খেলাটা আমাদের জন্য ভিন্ন অনুভূতির। আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের শুধু জানতে হবে তিনি কীভাবে আমাদের খেলাতে চান। সেভাবে খেলতে হবে এবং উপভোগ করতে হবে।’ মৌসুমে গ্রীষ্মের দলবদল শেষ হবে ৩০ আগস্ট। তবে এখনো নতুন করে কাউকে দলে নেয়নি লিভারপুল।
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গতকাল আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। ২৫ মিনিটে বুকায়ো সাকার ক্রস থেকে হেডে কাই হাভার্টজ এবং ৭৪ মিনিটে হাভার্টজের পাস থেকে সাকা গোল করেন।
শুক্রবার রাতে নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৮৭ মিনিটে গোলটি করেন বদলি হিসেবে নামা ডাচ স্ট্রাইকার জশুয়া জির্কজি।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে জির্কজি বলেন, ‘ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই গোল এবং জয় পাওয়া, এর চেয়ে ভালো কিছু হতে পারত না। আমাকে বলা হয়েছিল এখানে (ওল্ড ট্রাফোর্ড) গোল পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে সেরা অনুভূতি। আমি ভাগ্যবান যে প্রথম ম্যাচেই সেই অভিজ্ঞতা লাভ করেছি। এই অনুভূতি দুর্দান্ত।’ ২৩ বছর বয়সী এই ডাচ গত মাসে ৪ কোটি ৭০ লাখ ডলারে বোলোনিয়া থেকে ইউনাইটেডে নাম লিখিয়েছেন।