উইন্ডিজকে ৪০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করছে প্রোটিয়ারা। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার টানা দশম সিরিজ জয়।
গায়ানায় ম্যাচ জিততে উইন্ডিজকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু উইন্ডিজ ২২২ রানেই গুটিয়ে গেছে। প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৬ রানে।
রান তাড়া করতে নেমে ১০৪ রানেই ৬ উইকেট হারায় উইন্ডিজ। এরপর সেখান থেকে গুডাকেশ মোতি ও জশুয়া সিলভা ৭৭ রানের জুটি গড়েন। এই জুটিটা তাদের সিরিজ জেতার স্বপ্ন দেখায়। তবে কেশব মহারাজ সেই স্বপ্ন সত্যি হতে দেননি। ১ রানের মধ্যে দুজনকেই ফেরান মহারাজ। দলের ১৮১ রানে ৪৫ রান করে আউট হন মোতি। এরপর সিলভা ফেরেন ২৭ রান করে।
উইন্ডিজের শেষ ব্যাটসম্যান জেইডেন সিলসকেও আউট করেন মহারাজ। সবমিলিয়ে উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট নেন তিনি। প্রোটিয়া স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মহারাজই। ৫২ টেস্টে তার উইকেট ১৭১টি।
সিলসের ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। ১৩ উইকেট নিয়ে সিরিজের সেরা মহারাজ। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ৬ ম্যাচ খেলে প্রোটিয়াদের এটি দ্বিতীয় জয়।