আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর সেনাবাহিনীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর মুন্সীগঞ্জের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ট্রাফিক অফিস থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে উদ্ধার করা জিনিস পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সার্কিট হাউজে পুলিশ সুপার মো. আসলাম খানের কাছে ১৯-বীররের পিএসসি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ক্যান্টেন মো. রিফাত রহমান ও ক্যাপেন্ট চার্লস। হস্তান্তর করা আগ্নেয়াস্ত্রের মধ্য রয়েছে ১৪০টি রাইফেল, পিস্তল ও শর্টগান এবং ৩ হাজার ৯৩৪ রাউন্ড গোলাবারুদ। এছাড়া উদ্ধার নগদ ১ লাখ ৯ হাজার টাকা ও বিভিন্ন সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।

গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর মুন্সীগঞ্জ সদর থানা, সদর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বিপুল পরিমানের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করে।