বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে: আসিফ মাহমুদ

আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং সহিংসতার কারণে এই আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আরব আমিরাত টুর্নামেন্টটি আয়োজনের আগ্রহ দেখিয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলমান আছে।

আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এসময় নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘নারী বিশ্বকাপের বিষয়টা এখনো প্রক্রিয়াধীন আছে। এই বিষয়ে আইসিসিসহ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাব এবং সবাইকে জানাব। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় হচ্ছে, এটা আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে।’

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশ একটা সংকটকাল পার করছে। আবার একইসঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায়… এটা তো ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। ড. মুহাম্মদ ইউনুস স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’