জাবির দর্শন বিভাগের অধ্যাপকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ কে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১৮ আগষ্ট)  দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা ওই শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবি জানান। এছাড়া তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা।

সমাবেশে দর্শন বিভাগের স্নাতকোত্তর পর্বের বর্ষের শিক্ষার্থী রিফাত মিয়া বলেন, ‘ গত ১৭ জুলাই ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর র্বরোচিত হামলার ইন্ধনকারী ও মদদদাতা দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ কে দর্শন বিভাগের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। লেজুড়বৃত্তিক স্বৈরাচার শাসকের সমর্থনকারী একজন শিক্ষক হিসেবে দর্শন বিভাগে তার কোনো ঠাঁই নাই।’

দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুবিনা জাহান তিথী বলেন, ‘ অধ্যাপক ফরিদ আহমেদ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত পুলিশি হামলার উস্কানি দিয়ে শিক্ষার্থীদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। এই ধরণের শিক্ষকের কাছে আমাদের শেখার কিছুই নেই। আমরা এই শিক্ষকের এমন কর্মকান্ডকে ধিক্কার জানিয়ে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। ’