কুড়িয়ে পাওয়া ১৭ লাখ ৯২ হাজার টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

রাজশাহীতে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১৭ লাখ ৯২ হাজার টাকা ও গ্লাস উদ্ধার করে থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা। উদ্ধারকৃত টাকা ও গ্লাস নগরীর বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেওয়া হয়।

শিক্ষার্থী আক্কাস আলী জানান, রবিবার (১৮ আগস্ট) ভোরে টহল ডিউটি শেষে নগরীর ভদ্রা দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। এসময় আমরা রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পাই। সেই ব্যাগে আমরা শুরুতে একটি লাথি দেই। এতে মনে হয় ব্যাগে কিছু আছে। পরে খুলে দেখি ১৮টি বান্ডিলে এক হাজার টাকার নোট আছে। সাথে একটি গ্লাসও দেখতে পাই।’

তিনি আরও বলেন, ‘যে গ্লাসটি আমরা পাই সেটি সোনালী রঙের। গ্লাসে মোট ১৮টি ফুটো আছে। বান্ডিলও আছে ১৮টি। এটি কোনো সংকেত হতে পারে।’

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন ‘কয়েকজন শিক্ষার্থী নগরীর ভদ্রা এলাকা থেকে ১৭ লাখ ৯২ হাজার টাকা এবং গ্লাস উদ্ধার করে থানায় জমা দেয়। বিষয়টি নিয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’