কুমিল্লা

‘কার্যালয়ে হাজির না হওয়ায়’ ইউপি চেয়ারম্যানকে মারধর

কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল জলিল নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। রবিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। আব্দুল জলিল বটতলী ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদের গেটের সামনে আসেন আব্দুল জলিল। হঠাৎ বিক্ষুব্ধ জনতা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। 

জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আব্দুল জলিল অফিসে যাননি। এতে সেবাগ্রহীতারা বিক্ষুব্ধ হন। এর আগেও বিভিন্ন সময় তার কাছে নানা ধরনের হয়রানির শিকার হতেন তারা। তাকে অপসারণের দাবিতে গত বৃহস্পতিবার ছাত্র জনতা বটতলী এলাকায় বিক্ষোভ মিছিল হয়।

পরে রবিবার ওই ইউপির ১২ জন সদস্য রেজুলেশন করে একজন সদস্যকে ইউপির দায়িত্ব দিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে ইউপি সদস্য শাহনেওয়াজ বলেন, চেয়ারম্যান অনেক দিন ধরে ইউপিতে আসেন না। তাই আমরা সদস্যরা এক হয়ে অন্য একজনকে দায়িত্ব দিতে বলেছি। ইউপি চেয়ারম্যানের ওপর হামলার বিষয়টি তিনি জানেন না বলে উল্লেখ করেন। 

এ বিষয়ে আহত আব্দুল জলিল চেয়ারম্যানের ফোনে একাধিক বার কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, লোকমুখে শুনেছি চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

নাঙ্গলকোট ইউএনও সুরাইয়া আক্তার লাকি দেশ রূপান্তরকে বলেন, সকল ইউপি সদস্যরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভারপ্রাপ্ত হিসেবে অন্য কাউকে দায়িত্ব দিতে বলেছেন তারা। শুনেছি উপজেলার বাইরে চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে। তবে কে বা কারা হামলা করেছে নিশ্চিত নই।