জাবিতে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্র সংসদ (জাকসু) চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

রবিবার (১৮ আগস্ট)  বিকেল পৌণে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ সমন্বয়রা বক্তব্য রাখেন।

সমন্বয়ক তৌহিদ মো. সিয়াম বলেন, ‘দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসকে, জাতিকে কূলষিত করেছে । অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জাকসু চালু করতে হবে।’

সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে শতভাগ আবাসিক হলেও বাস্তবে আবাসিক রুপ ধারণ করতে পারেনি। এর কারণ ছিল সরকারের দালাল সংগঠন  ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে  একটি বছর গণরুমে রেখে আমাদের স্বপ্নগুলো শেষ করে দিত। নোংরা দলীয় ছাত্ররাজনীতির মত শিক্ষকদের অপকর্মও ক্যাম্পাসে আর চলতে দেওয়া হবে না।’

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম বলেন, ‘আমরা একটি পরিবর্তন চাই। ক্যাম্পাসে ছাত্রসংসদ চালুর মাধ্যমেই শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত সম্ভব।’