সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুলরুল গোলচত্বর এলাকার মাছের আড়তের সামনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা, মা ও দুই ছেলে মিলা ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় প্রাইভেটকারের চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) ভোর রাতে ঢাকা-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের মৎস আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬২), তার স্ত্রী ময়না খাতুন (৫৮) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪২) ।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চার জনের মরদেহ উদ্ধার করি। প্রাইভেটকারে এক পরিবারের চার জন ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। এঘটনায় আহত প্রাইভেটকার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।’
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে পুলিশ নেই। ফলে দুর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।