যশোরের বেনাপোল কাগজপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসমত শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ সোমবার (১৯ আগস্ট) সকালে কাগজপুকুর বাজার থেকে রেল লাইন ধরে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ চলে আসে। ট্রেনটি কাছাকাছি পৌঁছালে ট্রেন চালক লাইনের উপর কাউকে দেখতে পেয়ে হুইসেল বাজায়। আজিজ কানে কম শুনতে পান। হুইসেল শব্দ শুনতে না পেয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কাগজপুর নামক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আজিজ কালা নামে এক ব্যক্তির মৃত্যু খবর পেয়ে দুর্ঘটনাস্থলে রেলওয়ের পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।