এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ

রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা এক রুল চূড়ান্ত করে আজ সোমবার (১৯ আগস্ট) রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি দলটির যুগ্ম আহ্বায়ক।

এর আগে ২০২৩ সালের ৩১ আগস্ট দলটির আহ্বায়কের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করেন। একই বছরের ২৪ জুলাই দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।