জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রোকসানা (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত রোকসানা উপজেলার মোশারফগঞ্জ এলাকার কৃষক রাসেল মিয়ার স্ত্রী। 

স্বজনরা অভিযোগ করে বলেন, প্রসূতি রোকসানার প্রসব ব্যথা শুরু হলে সকাল ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলেও তাকে চিকিৎসকরা দেখতে আসেননি। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু সেগুলো একজন গর্ভবতী মায়ের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র চিকিৎসকের অবহেলার কারণেই রোকসানার মৃত্যু হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম এ তাহের বলেন, ‘স্বাভাবিক প্রসবের জন্য রোগীকে হাসপাতালে নিয়ে আসে। রোগীর লোকজন হাসপাতালে আসতে দেরি করে ফেলেছিলেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা সঙ্কাটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। ওই হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।’ 

স্বজনদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘চিকিৎসকের অবহেলার বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি চিকিৎসকের অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’