কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনা, বেতার থেকে নিজস্ব মহাপরিচালক নিয়োগ, নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা করাসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন খুলনা বেতারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মূল ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।
বেতারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা বলেছেন, বেতারে কর্মরতরা দীর্ঘদিন বৈষম্য ও বঞ্চনার শিকার। কেউই তাদের এ বঞ্চনার অবসান করেনি। ফলে কষ্টে দিন যাপন করতে হচ্ছে তাদের।
বেতারকর্মীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন প্রভৃতি।
মানববন্ধনে খুলনা বেতারে কর্মরত সকলস্তরের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন ব্যানার, প্লাকার্ডের মাধ্যমে বৈষম্য নিরসনে তাদের দাবিসমূহ তুলে ধরেন।
বাংলাদেশ বেতারের ৯ম, ১৩তম ও ১৫তম বিসিএস কর্মকর্তারা এখনো ৪র্থ গ্রেডে আছেন। এ ছাড়া ২৪তম থেকে ২৭তম বিসিএস এর কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডে যারা রয়েছেন তাদের অধিকাংশ ১৪ বছরের বেশি এবং ২৮তম থেকে ৩৫তম বিসিএসের নবম গ্রেডের অধিকাংশ কর্মকর্তা প্রায় ৮ থেকে ১৪ বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ শিগগির পূরণ করবে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।