শপথ গ্রহণের ১ ঘণ্টা পর অপসারণ হয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। সোমবার (১৯ আগস্ট) সারাদেশে ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নামও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।
জানা গেছে, সকাল ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন মোকাররম হোসেন। সেখান থেকে বের হয়ে নেতা-কর্মীদের নিয়ে নিজ নির্বাচনী এলাকা না যেতেই জানতে পারেন সারাদেশে ৪৯৩টি উপজেলার চেয়ারম্যান অপসারণ করা হয়েছে। সেখানে তার উপজেলার নামও রয়েছে। এসময় শপথ নেওয়া চেয়ারম্যানসহ নেতা-কর্মীদের মধ্যে বিষাদ নেমে আসে। পরে তারা নিজ নিজ স্থানে চলে যান।
এর আগে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৮৩৩ ভোটের ব্যবধানে মোকাররম হোসেন সুজন বিজয়ী হন। পরবর্তীতে পরাজিত প্রার্থী ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট পুনরায় গণনার জন্য মামলা করেন। যার কারণে শপথগ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করায় তখন তিনি শপথ নিতে পারেননি। পরবর্তীতে হাইকোর্ট থেকে শপথ গ্রহণের পক্ষে রায় নিয়ে আসেন তিনি।
অপসারণের বিষয়ে জানতে নবনির্বাচিত চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেও পাওয়া যায়নি।