উয়েফা সুপার কাপ জিতে রিয়ালের জার্সিতে অভিষেক রাঙিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে লা লিগায় শুরুটা ভালো হলো না ফরাসি এই ফরোয়ার্ডের। শিরোপাধারী রিয়াল লিগের শুরুতেই হোঁচট খেয়েছে। রবিবার রাতে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
মায়োর্কার মাঠে ম্যাচের ১৩ মিনিটে ভিনিসিয়ুসের ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন রদ্রিগো। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। মায়োর্কা বেশ কিছু পাল্টা আক্রমণ করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না। এদিন এমবাপ্পে, বেলিংহ্যামকে চেনা ছন্দে দেখা যায়নি। ভিনির পায়ে বল গেলেই স্বাগতিক মায়োর্কার দর্শকরা দুয়ো দিতে থাকেন। এই মাঠেই ২০২৩-এর ফেব্রুয়ারিতে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস।
রিয়ালকে অনেকটা সময় ম্যাচে রেখেছিলেন গোলকিপার থিবো কর্তোয়া। তিনটি শট বাঁচিয়ে দেন বেলজিয়ান এই গোলকিপার। তবে ৫৩ মিনিটে দানি রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করে মায়োর্কাকে সমতায় ফেরান ভেদাত মুরিকি। ৭০ মিনিটে এমবাপ্পের কোনাকুনি শট পা দিয়ে ঠেকান মায়োর্কার গোলকিপার। শেষ দিকে দুটি ভালো সুযোগ পান মায়োর্কার আন্তোনিও সানচেজ। তার একটি শট প্রতিহত হয় রক্ষণে, আরেকটি শট উড়িয়ে মারেন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে লেফট ব্যাক ফেরলান মেন্দি সরাসরি লাল কার্ড দেখলে হতাশা বাড়ে রিয়ালের।
কোচ কার্লো আনচেলত্তির অধীনে ৬ মৌসুমে প্রথমবার উদ্বোধনী ম্যাচ জিততে পারল না রিয়ার। আনচেলত্তি নিজেও হতাশ, ‘আমরা এগিয়ে গিয়েছিলাম, সুযোগও পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারিয়ে ফেলি। এই ম্যাচটা ভালো ছিল না। রক্ষণে আমাদের আরও ভালো করতে হবে। আর মাঠেও আমাদের আরও ভালো ভারসাম্য পেতে হবে। এই ম্যাচে আমাদের শেখার মতো অনেক কিছু আছে। এটি এমন একটি ম্যাচ, যা পরিষ্কারভাবে দেখায় যে কোথায় আমাদের ভুল ছিল। রক্ষণের দিক থেকে মায়োর্কা আমাদের চেয়ে ভালো ছিল।’
লিগে আগামী রবিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভায়াদোলিদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।