গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন গিয়ে ঠেকে গণ-অভ্যুত্থানে। তাতে শেষ পর্যন্ত সরকার পতন হলেও সংঘর্ষ-সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হন হাজারো মানুষ। এই ঘটনার সময় বাংলাদেশেই অবস্থান করছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ ঘটনায় আবেগাক্রান্ত হন তিনিও। সেই সঙ্গে বদলের চলমান ঢেউয়ে বাংলাদেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ কোথায় দেখছেন, সেটি নিয়েও মুখ খুলেছেন দল নিয়ে পাকিস্তান সফরে থাকা হাথুরুসিংহে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে অভ্যুত্থানে হতাহতের ঘটনায় নিজের খারাপ লাগার কথা জানিয়েছেন এই কোচ, (বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা থাকবে। খুবই কঠিন সময় ছিল এটা। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটা একটা অভূতপর্ব ঘটনা। আশা করি দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।’
দেশের কঠিন এই সময়ে বাংলাদেশ দল যদি ভালো খেলে বা প্রথমবার পাকিস্তানকে টেস্টে হারায়, তাহলে সেটা দেশবাসী কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করছেন হাথুরুসিংহে, ‘আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এ ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।’
বাংলাদেশের রাজনীতির মতো ক্রীড়াঙ্গনেও বদলে যাচ্ছে অনেক কিছু। বিসিবির পরিচালনা পরিষদ থেকে প্রথম ব্যক্তি হিসেবে পদত্যাগ করেছেন বর্ষীয়ান সংগঠক জালাল ইউনুস। নড়বড়ে সভাপতি নাজমুল হাসান পাপনের পদও। সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয় তার ভবিষ্যৎ নিয়ে। জবাবে উত্তরের বলটি বোর্ডের কোর্টেই দিয়ে রাখলেন হেড কোচ।
হাথুরুসিংহে বলেন, ‘আমার কোনো ধারণা নেই ঘরে (বাংলাদেশে) কী ঘটছে। একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই সময় পর্যন্ত কাজ করে যাওয়ার দিকে তাকিয়ে আছি।’ এরপর তিনি যোগ করেন, ‘কিন্তু যদি বোর্ডে বদল হয় এবং নতুন দায়িত্বে আসা ব্যক্তিরা আমাকে বদলাতে যান, আমি এটা মেনে নেব। তারা যদি চান যে আমি চালিয়ে যাই, তাহলে আমিও আনন্দসহকারে দায়িত্ব পালন করে যাব।’