নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এই পরোয়ানা জারি করেন। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ আদালতে করা একটি মানহানি মামলায় মুরাদ হাসানসহ ২ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরজন হলেন উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলাল।

মামলার বাদী ও আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০২২ সালে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মানহানি মামলা হয়। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছিলেন। সেই মামলাটি আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। আদালত শুনানির পর ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে ২০২১ সালের ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক একেএম ওমর ফারুক।