পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ইটভাটায় অবৈধভাবে কৃষিজমির মাঠি তোলার অপরাধে ২টি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট আরাফাত আমান আজিজ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা দেড় টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট বুড়াবাজার এলাকায় ‘মেসার্স বসুন্ধরা ব্রিকস’ ও ‘মেসার্স সততা ব্রিকস’ নামের দুই ইটভাটা মালিককে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক তুহিন বাবুসহ পুলিশ সদস্যরা।  

আদালত সুত্র জানায়, ২টি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় অর্থ দণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট আরাফাত আমান আজিজ দেশ রূপান্তরকে বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত