চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে আরও এক মামলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় দীপু মনিকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন নুরুল ইসলাম খান।

গত ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র জনতার ওপর হামলা ও বিস্ফোরণের দায়ে এই মামলা দায়ের করা হয়েছে। মামলায় দীপু মনির ভাই জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর-১ আসনের সাবেক এমপি ড. সেলিম মাহমুদসহ ২২৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ জনকে অজ্ঞতানামা আসামি করা হয়েছে।

 মামলায় অন্যান্য আসামিদের মধ্যে আছেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কবির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  ফেরদৌস মোরশেদ জুয়েল ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মহসিন আলম জানান, গত ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র জনতার উপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এখন পর্যন্ত মোট ৫টি মামলা থানায় দায়ের করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থানায় দুটি, হাজীগঞ্জে দুটি ও হাইমচরে একটি মামলা দায়ের করা হয়েছে।