রাশিয়াতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, কুরস্কে গুলিতে নিহত ১৭

রাশিয়ার রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াতে এটি ইউক্রেনের সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

যদিও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট রাজধানী অভিমুখে ১১টি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি জানিয়েছে। খবর রয়টার্স।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ড্রোন ব্যবহার করে মস্কোতে ইউক্রেনের হামলার মধ্যে এটি সবচেয়ে বড় হামলা। কিছু ড্রোন পোডলস্ক শহরের উপরে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলে ২৩টি ড্রোন ধ্বংস করেছে। এছাড়া ছয়টি ড্রোন বেলগোরোদে, তিনটি কালুগা অঞ্চলের উপর ধ্বংস করা হয়েছে

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার পর কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান মস্কোর মেয়র।

তবে এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

অন্যদিকে, রাশিয়ার ক্রুস্ক প্রদেশে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের হাতে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪০ জন। ক্রুস্কের প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

ক্রুস্ক প্রদেশ থেকে রাশিয়া-ইউক্রেন সীমান্তের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। গত ৬ আগস্ট সীমান্ত পেরিয়ে ক্রুস্কে প্রবেশ করে ইউক্রেনীয় সেনাদের কয়েকটি দল। বর্তমানে প্রদেশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে তারা।