সুদানের ব্লু নাইল রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে ব্লু নাইল রাজ্যের রাজধানী দামাজিন শহরে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালায় আরএসএফ। হামলার লক্ষ্যবস্তু ছিল দামাজিনের বিভিন্ন স্থাপনা এবং পার্শ্ববর্তী রোজেইরেস শহর। সুদানের সামরিক বাহিনীর একটি সূত্র আলজাজিরাকে এ তথ্য জানিয়েছে।
সামরিক সূত্রটি জানায়, দামাজিনের একটি আবাসিক এলাকায় বোমা হামলায় তিনটি পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এ ছাড়া খার্তুমভিত্তিক মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, ড্রোন হামলায় দামাজিনের বিদ্যুৎ অবকাঠামো এবং রোজেইরেসের একটি বড় বাঁধও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সুদানে বর্তমানে দেশটির সেনাবাহিনী (এসএএফ) ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ব্যাপক গৃহযুদ্ধ চলছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এর আশপাশে সুদানের বেশ কয়েকটি অস্থিতিশীল অঞ্চল রয়েছে। পাশাপাশি রাজ্যটিতে সেনাবাহিনীর অভিজ্ঞ যোদ্ধাদের অবস্থান রয়েছে।
সুদানের ওমদুরমান থেকে আলজাজিরার সংবাদদাতা আলমিগদাদ আলরুহাইদ বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এর আগে গত ২২ নভেম্বর খার্তুম ও ওমদুরমানসহ রাজধানী এলাকায় ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হন। ওই হামলায় কর্মীরা ভেতরে থাকা অবস্থায় জাতিসংঘের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সুদানে অন্তত ১ হাজার ৩৯০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮০ শতাংশের মৃত্যুর জন্য দায়ী ড্রোন হামলা। পরবর্তী চার মাসে আরও ৮৪০ জন বেসামরিক নাগরিক নিহত হন। তাদের মধ্যে প্রায় ৫২০ জন ড্রোন হামলায় প্রাণ হারান।
আলজাজিরার সংবাদদাতা আলরুহাইদ বলেন, বর্তমানে এই সংঘাতের মূল্য দিতে হচ্ছে বেসামরিক নাগরিকদের। দামাজিন কিংবা খার্তুম—কোথাও তাদের জন্য নিরাপদ এলাকা নেই।
তিন বছর ধরে চলছে যুদ্ধ
২০১৯ সালে গণ-আন্দোলনের মুখে তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর সুদানে ক্ষমতা ভাগাভাগির চুক্তি ভেঙে পড়ে। এর জেরে ২০২৩ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।
আল-বশিরের পতনের পর দেশটির ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন দুই প্রতিদ্বন্দ্বী সামরিক নেতা। তাদের একজন সুদানের কার্যত শাসক ও সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান। অন্যজন তার সাবেক উপপ্রধান এবং বর্তমানে প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদতি নামে পরিচিত।
যুদ্ধ শুরুর জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করে আসছে। বর্তমানে সংঘাতটি চতুর্থ বছরে গড়িয়েছে।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুদানের এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। সংঘাতের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতিও তৈরি হয়েছে।