টানা ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জের খাসিয়া পুঞ্জিগুলোতে আতঙ্কের মধ্যে ঝুঁকি নিয়ে বসবাস করছেন খাসিয়া সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে উপজেলার আদমপুর ইউনিয়নের কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে টিলা ধসে দু’টি ঘর উপর থেকে নিচে পড়ে যায়। সেই থেকেই আতঙ্কে দিন পার করছেন খাসিয়ারা। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনায় ঝুকিঁপুর্ণ ১০টি পরিবাকে অন্যত্র সরানো হয়েছে।
উপজেলা প্রশাসন ও আদমপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির ফলে পাহাড়ি টিলাগুলোর মাটি নরম হয়ে পড়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে আদমপুর ইউনিয়নের কালেঞ্জি পুঞ্জিতে টিলা ধসে নাইট কেলক্রাম ও মুতলং খাসিয়ার দুটি ঘর উপর থেকে নিচে পড়ে যায়। পরিবারের লোকজন দ্রুত সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঝুকিঁপূর্ণ ১০টি পরিবাকে অন্যত্র সরিয়ে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন পুঞ্জির মানুষজন।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারচিয়াং দেশ রূপান্তরকে বলেন, ‘কমলগঞ্জে এভাবে এর আগে কোনো পুঞ্জিতে টিলা ধসের ঘটনা ঘটেনি। অতি ভারী বৃষ্টির ফলে টিলা ধসছে। পুঞ্জিতে টিলা ধসের ঘটনায় আমাদের খাসিয়া পুঞ্জির বাসিন্দাদের মধ্যে ভয় ঢুকেছে।’
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘ভারী বৃষ্টির ফলে টিলা ধসছে। পুঞ্জির ১০টি ঝুঁকিপূর্ণ পরিবারকে অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।