শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শন শেষে দুপুরে জেলার শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
ব্রিফিংয়ে উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৯-এর সদস্যরা মাঠপর্যায়ে নিয়োজিত রয়েছেন। এ বছর সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বাধিক। আর সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি, এক হাজারেরও বেশি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআরবি-৯-এর ১৪টি পেট্রোল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। পাশাপাশি, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দিতে ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর দপ্তরে পর্যাপ্তসংখ্যক সদস্য স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে নিয়োজিত রয়েছেন।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারির টিম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, এতে গোয়েন্দা নজরদারি ও তথ্য আদান-প্রদান সহজ হবে।
উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই। তা সত্ত্বেও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাশকতা বা সন্দেহজনক তৎপরতা মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ হটস্পটগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে।
ব্রিফিংয়ের সময় তার সঙ্গে ছিলেন এসআরবি-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।