আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে এখন ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছে এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাস। এশিয়া মহাদেশের দেশ পাকিস্তান ও ফিলিপাইনের পর এবার থাইল্যান্ডে পাওয়া গেছে এমপক্স ভাইরাস।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডে এক ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হয়েছে। তবে তিনি থাইল্যান্ডের নাগরিক নন। ইউরোপীয় ওই ব্যক্তি গত সপ্তাহে আফ্রিকা থেকে থাইল্যান্ডে প্রবেশ করেছেন বলে জানা গেছে।
তাঁর শরীরে এমপক্সের ধরনটি শনাক্ত করতে নমুনা পরীক্ষা করা হয়েছে। কর্তৃপক্ষ এখন পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছে।
থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক থংচাই কেরাতিহাত্তায়াকর্ন বলেন, ‘ওই ব্যক্তির শরীরের এমপক্সের ক্লেড ওয়ান ধরন রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি সম্প্রতি আফ্রিকা থেকে থাইল্যান্ডে এসেছেন।
তিনি আরও জানান, এই রোগীর সংস্পর্শে আসা আরও ৪৩ জনকেও কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।
তবে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিটি আফ্রিকান কোন দেশে ছিলেন তার নাম জানানি থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক৷ এমনকি থাইল্যান্ডে যাওয়ার আগে মধ্যপ্রাচ্যের একটি দেশে ট্রানজিট নিয়েছিলেন আক্রান্ত ব্যক্তি, সেই দেশের নামও তিনি বলেননি৷
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার অন্তত ১৩টি দেশে এমক্সের ক্লেড ওয়ান ধরন ছড়িয়ে পড়েছে। সেখানে জরুরি স্বার্থ সতর্কতা জারি করেছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। আফ্রিকায় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কারণ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪৮ জন মানুষ।