সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি আশ্রয় দিয়েছেন আমাদের আপত্তি নাই। এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। প্রয়োজনে শেখ হাসিনাসহ তার পুরো পরিবার ভারতে নির্বাসিত হোক। কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর চেষ্টা করলে এদেশের মানুষ যুদ্ধের ময়দানে নামবে।
আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাবিবপুর ঈদগাঁহ মাঠে খেলাফত মসলিস সোনারগাঁ শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাহফিরাত কামনা ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি ভাবে ভারতে বসে এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদিদের মাধ্যমে তাদের স্বার্থ বাস্তবায়ন করবে তাহলে তাদের মনে রাখতে হবে এটা দেশের মানুষ মেনে নেবে না। ২০২৪ সালে নব্য ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয়নি। ভবিষ্যতেও যদি কেউ এদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে দেশের আলেম, ছাত্র সমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।
তিনি আরও বলেন, যাদের অত্যাচার-অবিচার মাত্রাতিরিক্ত ছিল তাদের বিষয়ে মহানবী ঘোষণা করেছিলেন তাদের ক্ষমা নাই। সোনারগাঁয়ের শত শত মানুষের নিপীড়নের জন্য ব্ল্যাকলিস্ট করতে হবে। সোনারগাঁয়ে অপকর্মের জন্য চিহ্নিত কিছু মানুষ দায়ী। তাদের চিহ্নিত করে সোনারগাঁয়ে চিরদিনের জন্যে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
সভায় খেলাফত মজলিস সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মহিউদ্দিন খান, সংগঠনটির সোনারগাঁ থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।