খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার প্রক্রিয়া চলছে

এক মাসের অধিক সময়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া। আজ বুধবার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ১২ দিন পর গুলশানের বাসায় ফিরেছেন ম্যাডাম। এখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সেই কাজও চলছে।

বিএনপি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে। লম্বা যাত্রার জন্য তার শরীর উপযোগী হয়ে উঠলে তাকে যুক্তরাজ্যে নেওয়া হতে পারে। তবে আরও কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ করছে তার পরিবার।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টায় এভারকেয়ার হাসপাতালে থেকে পাজারো জিপে চড়ে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত সাড়ে ৮টায় বাসায় পৌঁছায় তার পাজারো জিপ। এ সময় সড়কের দুই ধারে হাজার হাজার নেতাকর্মীরা করতালি ও শ্লোগান দিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানায়। যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িকে কর্ডন করে গুলশানের বাসায় নিয়ে আসে।

গত ৮ জুলাই গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে গত ২ মে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকেরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।