বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন জ্বালানি উপদেষ্টা

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছেন অন্তবর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ দাবি জানান।

মূলত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বব্যাংকের সঙ্গে এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল যেখানে বিদ্যুৎ, জ্বালানি খাতের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বর্তমান সরকার একটি দৃঢ় ম্যান্ডেট নিয়ে এসেছে উল্লেখ করে বৈঠকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীনে নতুন সব ধরনের প্রকল্পের কার্যক্রম স্থগিত করেছেন। তবে যেসব প্রকল্পের চূড়ান্ত চুক্তি হয়েছে ইতিমধ্যে, সেগুলো চলমান থাকবে।

‘পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধিত) আইন, ২০২৩-এর ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করা হয়েছে। ফলে এখন থেকে গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে গ্যাস-বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে না। পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনে এসব আইন সংশোধন/বাতিলের উদ্যোগ নেওয়া হবে,’ যোগ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এখন হতে সকল ধরনের ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিধানবলী ব্যবহার করা হবে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাওজুল কবির খান আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বর্তমান বৈদেশিক মূল্য পরিশোধের দায় প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার। তাই তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সাপোর্টের জন্য বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তারা বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আন্তরিক। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার ব্যাপারে প্রস্তাব পেলে তারা আন্তরিকতার সাথে বিবেচনা করবেন।

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত