বাংলাদেশকে প্লাবিত করার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

ভারতের সাথে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবি ও ডুম্বুর গেট খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২১ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, ‘কোনো ধরনের সংকেত ছাড়াই ডুম্বুর গেট খুলে দিয়ে আমাদের ফেনী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর মানুষের ওপর জুলুম করা হচ্ছে। শিক্ষার্থীরা এই অন্যায়ের বিরদ্ধে রুখে দাঁড়াবে।

শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘পানি বণ্টন নিয়ে অসম চুক্তির ফলে আমরা বন্যার শিকার হচ্ছি, খরার শিকার হচ্ছি, আমাদের বাড়িঘর ভেসে যাচ্ছে, ফসলি জমি ভেসে যাচ্ছে। অসমভাবে ভারতের সাথে বন্ধুত্ব হতে পারে না।’