ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা বাজার-মরিচার সড়কের বটতলা মোড়ের কাছে গতকাল বুধবার একটি বেইলি সেতু ভেঙে ১৫ গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খালে ভেঙে পড়ে আছে বেইলি সেতুটি। এলাকাবাসী জানান, গতকাল ভোর ৫টার দিকে প্রবল স্রোতে সেতুর পাশের মাটি সরে কালভার্টটি ভেঙে পড়ে। এতে উচাখিলার উজানচর, মরিচারচর, চরআলগী, টানপাড়া, টান মলামারি, মাইজপাড়া ও হাশের আলগীসহ ১৫ গ্রামের ২০ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়া ঈশ্বরগঞ্জ, উচাখিলা, রাজিবপুর এবং ব্রহ্মপুত্র নদের পাড় হয়ে ত্রিশাল, কালীবাজার ও ময়মনসিংহে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন।
চর আলগী গ্রামের মো. স্বপন মিয়া (৪৪) বলেন, ‘এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ যাতায়াত করে। আমরা উচাখিলা ও ঈশ্বরগঞ্জ বাজারে কৃষিপণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি। বেইলি সেতুটি ভেঙে পড়ায় আমরা খুব খারাপ অবস্থায় আছি। আশপাশের ১৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। মাথায় পাট নিয়ে বিক্রির জন্য বাজারে যেতে চেয়েছিলেন মরিচারচর গ্রামের কৃষক নিজাম উদ্দিন। কিন্তু ভেঙে পড়া কালভার্টের সামনে এসে থেমে যান। তিনি বলেন, ‘পাট বিক্রি করতে না পারলে খাব কী?’
ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, আগামীকাল (আজ বৃহস্পতিবার) সরেজমিনে পরিদর্শন করে কালভার্টটি চলাচল উপযোগী করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, দুর্ভোগ নিরসনে সেতুটি সাময়িক চলাচলের উপযোগী করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। যেহেতু কালভার্টটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে তাই তাদের সঙ্গে কথা বলে স্থায়ীভাবে মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে।