নাজমুল হাসান পাপন যুগ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। সাবেক এই অধিনায়ককে ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনের অনেক আশা। দেশের ক্রিকেট তিনি একটা নিয়মতান্ত্রিক কাঠামোতে আনবেন বলেই সবার প্রত্যাশা। সঙ্গীতশিল্পী আসিফ আকবরও তার ব্যতিক্রম নন।
ফারুক আহমেদকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আসিফ আকবর লিখেছেন, ‘আকস্মিক বন্যার জন্য মন খারাপ। তবুও আপনাকে অভিনন্দন জানাচ্ছি সদ্য নিয়োগ পাওয়া বিসিবি বস ফারুক আহমেদ ভাই। যোগ্য লোক এ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকা জরুরি। আপনাকে নির্বাচন করে অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ।’
আসিফ আরও লিখেছেন, ‘কিশোর বয়স থেকে ক্রিকেটার ফারুক ভাইয়ের ডেডিকেশনের গল্প শুনেছি, পরবর্তীতে বিগ ব্রাদার হিসেবে আপনাকে পেয়েছি। এবার আমি নিশ্চিত ক্রিকেটপাগল জাতি আর বিবি- গোলামের বাক্সে আটকে থাকবে না। অনেক শুভকামনা রইল ফারুক ভাই। আপনার হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট। ভালবাসা অবিরাম…।’