হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় জাতিসংঘের কারিগরি দল

বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের তিন সদ‌স্যের প্রাথমিক কারিগরি দল ঢাকায় এসে‌ছে।

বুধবার দিবাগত রা‌তে জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে প্রতি‌নি‌ধিদল‌টি ঢাকায় পৌঁছায়।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুনগোভেনের নেতৃত্বে ৩ সদস্যের এই কারিগরি দল বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুনগোভেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এখানের জনগণের জন্য গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাকে প্রাধান্য দিচ্ছেন। তিনি এ ঐতিহাসিক সময়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন। সে জন্যই আমরা ঢাকায় এসেছি। তবে আমরা সাম্প্রতিক সহিংসতা এবং অস্থিরতার পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য আসিনি। আমরা তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে এসেছি।

সূত্র জানায়, জাতিসংঘের তিন সদস্যের কারিগরি দল ২২-২৮ পর্যন্ত ঢাকা সফর করবে। তারা প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে।