পাপন পরবর্তী যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তাকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছে দেশের ক্রিকেটাঙ্গন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার জানালেন, ফারুক সভাপতি হওয়ায় একটি বড় লাভ হয়েছে। দেশের ক্রিকেটের অনেক কিছুই তিনি জানেন।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদকে নিয়ে বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার বলেন, ‘ফারুক ভাইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তিনি ভেতর-বাহির দুটিই জানেন। ক্রিকেটটা খেলেছেন। নির্বাচক হিসেবে কাজ করেছেন। বোর্ডের সঙ্গেও কাজ করেছেন। পরে অনেক কিছু দেখেছেন। তিনি ভেতর-বাহিরের সবকিছু জানেন। এটা অনেক বড় সুবিধা।’
হাবিবুল আরও বলেন, ‘আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি জানেন আমাদের কাজের পরিধি কেমন ও কে কীভাবে কাজ করতে চায়। উনি পরিষ্কার করে দিয়েছেন, যে যার কাজটাই করা উচিত। এটা আমাদের সবার জন্যই স্বস্তির। আমরা কে কোথায় কাজ করতে পারি, এসব তিনি বেশ ভালোভাবেই জানেন।’
তবে খুব দ্রুত বড় কোনো পরিবর্তন আশা করতে বারণ করেছেন হাবিবুল, ‘আমাদের কিন্তু উনাকে একটু সময় দেওয়া উচিত। ফারুক ভাই নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে আসা মাত্রই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা যদি তাকে একটু সময় দেই, একটু সহায়তা করি, তাহলে অনেক কিছুই ঠিক হয়ে যাবে।’