‘চোখের পানি আটকাতে পারছি না’ বন্যার্তদের নিয়ে সিমরিন লুবাবা

সামাজিক মাধ্যমে বহুল আলোচিত সিমরিন লুবাবা বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে সে এ আহ্বান জানায়।

লুবাবা লেখে, ‘আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে লুবাবা লেখে ‘আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না।’

সে আরও বলে ‘ছোট ছোট বাচ্চা আমার মত বয়সী এরা আজকে কতটা অসহায় আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। একটি বিজ্ঞাপন করে শোবিজ অঙ্গনে ব্যাপক পরিচিতি পায় সে।